আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটে সার্বিক নিরাপত্তা জোরদার, জাল টাকা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পিরোজপুরের বিভিন্ন পশুর হাটে বিশেষ কার্যক্রম শুরু করেছে র্যাব-৮। এ লক্ষ্যে গুরুত্বপূর্ণ পশুর হাটগুলোতে কন্ট্রোল রুম স্থাপনসহ টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
সোমবার (২৫ মে) বিকেল ৩টায় র্যাব-৮, সিপিএসসি’র কোম্পানি কমান্ডার মো. কামরুজ্জামানের নেতৃত্বে একটি দল পিরোজপুর পৌরসভার বলেশ্বর ব্রিজসংলগ্ন পশুর হাট পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি জাল টাকা শনাক্তকরণের অত্যাধুনিক মেশিন স্থাপনের কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং ক্রেতা-বিক্রেতাদের নিরাপদ আর্থিক লেনদেন নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
র্যাব সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে পশুর হাটে বিপুল অর্থের লেনদেন হয়ে থাকে। এ সুযোগে জাল টাকা ছড়িয়ে দেওয়ার চেষ্টা, প্রতারণা ও বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হওয়ার আশঙ্কা থাকে। এসব ঝুঁকি মোকাবিলায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পরিদর্শনের সময় র্যাব সদস্যরা হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন চলাচল, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং গুরুত্বপূর্ণ স্থানসমূহ ঘুরে দেখেন। পাশাপাশি সম্ভাব্য ঝুঁকিপূর্ণ বিষয়গুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।
পরিদর্শন শেষে পৌরসভার পশুর হাটে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে কোম্পানি কমান্ডার মো. কামরুজ্জামান বলেন, ঈদকে কেন্দ্র করে জেলার বিভিন্ন পশুর হাটে র্যাবের টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। জাল টাকা প্রতিরোধ, চুরি-ছিনতাই রোধ এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় র্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে পশু কেনাবেচা করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
একই দিনে পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের পাচপাড়া বাজারও পরিদর্শন করেন র্যাব কর্মকর্তারা। এ সময় বাজারের ইজারাদার, বিক্রেতা ও ক্রেতাদের সঙ্গে মতবিনিময় করে নিরাপদ লেনদেন, জাল টাকা শনাক্তকরণ এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।
র্যাব জানিয়েছে, ঈদুল আজহা উপলক্ষে জেলার বিভিন্ন পশুর হাটে নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে এবং যেকোনো অভিযোগ বা জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন:








