সোমবার

২৫ মে, ২০২৬ ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩

দুই কোটির বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ মে, ২০২৬ ১৬:৩৬

শেয়ার

দুই কোটির বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
ছবি সংগৃহীত

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশের হামের টিকাদান কর্মসূচিতে লক্ষ্যমাত্রা অর্জনের হার ১২২ শতাংশে পৌঁছেছে। এখন পর্যন্ত দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রথম ধাপে যেসব ১৮টি উপজেলায় টিকাদান ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছিল, সেখানে হামের সংক্রমণের হার প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে।

সোমবার (২৫ মে) দুপুরে কুমিল্লা সদর জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এর আগে সকালে ঈদুল আজহার আগে হাসপাতালগুলোর জরুরি চিকিৎসাসেবা পরিস্থিতি পর্যবেক্ষণে কুমিল্লা সফরে যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি কুমিল্লা সদর জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন।

হামে সংক্রমণ ও মৃত্যু নিয়ে সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে স্বাধীন তদন্ত চাইছে কিনা— এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, শুধু শাস্তি দিলেই সমস্যার সমাধান হবে না। সরকারের প্রথম অগ্রাধিকার হলো হামে আক্রান্ত শিশুদের সুরক্ষা নিশ্চিত করা এবং কোনো মা যেন সন্তান হারানোর বেদনা না পান।

পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন সংকট ও সমস্যা সম্পর্কে খোঁজ নেন, খাবারের মান যাচাই করেন এবং রোগীদের অভিযোগ শোনেন।

এ সময় কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান, কুমিল্লা মেডিক্যাল কলেজের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শাহ জাহান, সহকারী পরিচালক ডা. নিশাত সুলতানা, শিশু বিভাগের প্রধান ডা. মিয়া মনজুর আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিকসহ রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।



banner close
banner close