সোমবার

২৫ মে, ২০২৬ ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩

সলিমপুরে র‍্যাব ক্যাম্পে সন্ত্রাসী হামলা, চলছে যৌথ বাহিনীর অভিযান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ মে, ২০২৬ ০৮:১৫

শেয়ার

সলিমপুরে র‍্যাব ক্যাম্পে সন্ত্রাসী হামলা, চলছে যৌথ বাহিনীর অভিযান
ছবি সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) একটি ক্যাম্পে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত ২টার দিকে একদল অস্ত্রধারী ব্যক্তি ক্যাম্প লক্ষ্য করে গুলিবর্ষণ করলে র‍্যাব সদস্যরা পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন। হামলার পর এলাকাজুড়ে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

র‍্যাব-৭-এর কমান্ডিং কর্মকর্তা হাফিজুর রহমান জানান, সন্ত্রাসী ইয়াসিন গ্রুপের সদস্যরা রাতের অন্ধকারে ক্যাম্পে হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে র‍্যাব সদস্যরা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেন এবং পরে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। ঘটনার পর পুরো এলাকা ঘিরে তল্লাশি ও অভিযান পরিচালনা করছে যৌথ বাহিনী।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, রাত ২টার দিকে ক্যাম্পের চারপাশ থেকে গুলিবর্ষণ শুরু হয়। প্রায় এক ঘণ্টা ধরে থেমে থেমে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এরপর হামলাকারীরা সরে গেলে নিরাপত্তা বাহিনী এলাকা নিয়ন্ত্রণে নিয়ে অভিযান শুরু করে।

স্থানীয় বাসিন্দাদের কয়েকজন জানান, গভীর রাতে গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভোর পর্যন্ত অনেকেই ঘর থেকে বের হননি। তবে নিরাপত্তাজনিত কারণে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নজরদারিতে থাকা একটি এলাকা। সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের দুর্গম পাহাড়ি এই অঞ্চলে বিভিন্ন সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ড, ভূমি দখল এবং অবৈধ অস্ত্রের লেনদেনের অভিযোগ উঠে এসেছে। সরকারি খাসজমির ওপর গড়ে ওঠা বিস্তীর্ণ এ এলাকায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দীর্ঘদিন ধরে জটিলতা বিদ্যমান।

সীতাকুণ্ড ভূমি অফিসের তথ্য অনুযায়ী, জঙ্গল সলিমপুরের আয়তন প্রায় ৩ হাজার ১০০ একর। ছিন্নমূল এলাকা ও আলীনগর নামে পরিচিত দুটি অংশে বিভক্ত এ অঞ্চলে কয়েক দশক ধরে অনিয়ন্ত্রিত বসতি, দোকানপাট ও বাজার গড়ে উঠেছে। প্রশাসনের দাবি, ভূমি দখলকারী চক্র ও সশস্ত্র গোষ্ঠীর প্রভাবের কারণে এলাকাটি আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য চ্যালেঞ্জ হয়ে রয়েছে।

এর আগে গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের উপসহকারী পরিচালক মোতালেব হোসেন নিহত হন। ওই ঘটনায় র‍্যাবের আরও তিন সদস্য এবং একজন সোর্স গুরুতর আহত হন। নিহত মোতালেব হোসেন বিজিবির নায়েব সুবেদার পদে কর্মরত ছিলেন এবং প্রেষণে র‍্যাবে দায়িত্ব পালন করছিলেন।

র‍্যাব ও পুলিশ সূত্রের দাবি, জঙ্গল সলিমপুরে সক্রিয় কয়েকটি সশস্ত্র গোষ্ঠী ভূমি দখল, চাঁদাবাজি ও অস্ত্র বাণিজ্যের সঙ্গে জড়িত। সর্বশেষ হামলার ঘটনায় কারা জড়িত এবং হামলার উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযানের অগ্রগতি ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।



banner close
banner close