রবিবার

২৪ মে, ২০২৬ ১০ জ্যৈষ্ঠ, ১৪৩৩

ট্রাকচাপায় ভ্যানচালক নিহত, আহত ১

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: ২৪ মে, ২০২৬ ২২:২৩

শেয়ার

ট্রাকচাপায় ভ্যানচালক নিহত, আহত ১
প্রতীকী ছবি

নাটোরের নলডাঙ্গা উপজেলায় ট্রাকের চাপায় এক ভ্যানচালক নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছেন। রোববার (২৪ মে) দুপুর ১টার দিকে উপজেলার পিপরুল ইউনিয়নের আঁচড়াখালি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খেজমত আলী (৫০) আঁচড়াখালি গ্রামের মৃত মাজম আলীর ছেলে। আহত রফিকুল ইসলাম (৪২) একই গ্রামের মৃত সমসের আলীর ছেলে। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা দুজনই ভাঙারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, খেজমত আলী ও রফিকুল ইসলাম একটি ভ্যানে করে বিভিন্ন গ্রাম থেকে ভাঙারি মালামাল সংগ্রহ করে বাড়ি ফিরছিলেন। পথে আঁচড়াখালি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানচালক খেজমত আলী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। ভ্যানে থাকা রফিকুল ইসলাম গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহত রফিকুল ইসলামকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে পাঠান। খবর পেয়ে নলডাঙ্গা থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।

দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন পাটুল বাজার এলাকা থেকে সেটি আটক করেন। আটক ট্রাকের নিবন্ধন নম্বর ড-১৪-২৪৩২। তবে ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের হাতে আটক ট্রাকটি জব্দ করেছে। পলাতক চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”



banner close
banner close