রবিবার

২৪ মে, ২০২৬ ১০ জ্যৈষ্ঠ, ১৪৩৩

সীমান্তের মানুষের স্বাস্থ্যসেবায় ৫৯ বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

প্রকাশিত: ২৪ মে, ২০২৬ ২২:১৫

আপডেট: ২৪ মে, ২০২৬ ২২:২৩

শেয়ার

সীমান্তের মানুষের স্বাস্থ্যসেবায় ৫৯ বিজিবি
ছবি বাংলা এডিশন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী প্রান্তিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। মানবিক এ উদ্যোগে স্বাস্থ্যসেবা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষজন।

রবিবার (২৪ মে) মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর ব্যবস্থাপনায় শিবগঞ্জ উপজেলার কামালপুর উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। ক্যাম্পে সীমান্ত এলাকার নারী, পুরুষ ও শিশুদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

আয়োজিত মেডিকেল ক্যাম্পে মোট ৬৫৩ জন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি রোগীদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের ঔষধও বিনামূল্যে বিতরণ করা হয়। দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবাবঞ্চিত অনেক মানুষ এ ক্যাম্প থেকে চিকিৎসা গ্রহণ করেন।

ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের সার্বিক কার্যক্রম সরেজমিনে উপস্থিত থেকে তদারকি করেন মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি।

চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করেন বিজিবি সেক্টর সদর দপ্তর, রাজশাহীর মেডিকেল অফিসার মেজর আরুফা আক্তার মৌসুমীসহ দুইজন বেসামরিক চিকিৎসক। তারা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করেন এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করেন।

ফ্রি মেডিকেল ক্যাম্পেইন শেষে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি সীমান্ত এলাকার মানুষের কল্যাণে বিজিবির বিভিন্ন মানবিক ও জনসেবামূলক কার্যক্রমের কথা তুলে ধরেন।

স্থানীয়রা জানান, সীমান্ত এলাকায় এমন ফ্রি চিকিৎসাসেবা কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। দরিদ্র ও অসহায় মানুষের জন্য এ ধরনের উদ্যোগ নিয়মিত চালু থাকলে সাধারণ মানুষ আরও বেশি উপকৃত হবে।



banner close
banner close