বরগুনার আমতলী উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে তার খালু আলমগীর হোসেনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৪ মে) দিবাগত রাতে অভিযুক্তকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৮ মে সোমবার সকালে আমতলী উপজেলার খাকদোন গ্রামে ঘটনাটি ঘটে। অভিযোগ অনুযায়ী, আলমগীর হোসেন আগের দিন রাতে শ্বশুরবাড়িতে আসেন এবং পরদিন সকালে কিশোরীটিকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।
জানা যায়, কিশোরীটির মা তার দুই বছর বয়সে মারা যান। তখন থেকে সে নানাবাড়িতে বড় হচ্ছে। ঘটনার পাঁচ দিন পর, ২৩ মে, কিশোরীটি নানাবাড়ির লোকজনকে বিষয়টি জানায়। খবর পেয়ে তার নানি আমতলী থানায় মৌখিক অভিযোগ দেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে রোববার দুপুরে পুলিশ কিশোরীটিকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা পরীক্ষার জন্য পাঠায়। একই রাতে অভিযুক্ত আলমগীর হোসেনকে আটক করা হয়। থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ভুক্তভোগীর নানি জানান, মেয়ে মারা যাওয়ার পর দুই বছর বয়স থেকে নাতনিকে লালন-পালন করেছেন তিনি। এই ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত এবং অভিযুক্তের কঠোর শাস্তি দাবি করেছেন।
ভুক্তভোগী কিশোরী জানায়, ভয়ে সে এতদিন মুখ খোলেনি।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাত মো. হাছনাইন পারভেজ জানান, ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে অভিযুক্তকে আদালতে পাঠানো হবে।
আরও পড়ুন:








