রবিবার

২৪ মে, ২০২৬ ১০ জ্যৈষ্ঠ, ১৪৩৩

চুয়াডাঙ্গা সীমান্তে সোয়া কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক ১

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

প্রকাশিত: ২৪ মে, ২০২৬ ১৯:১৭

শেয়ার

চুয়াডাঙ্গা সীমান্তে সোয়া কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক ১
ছবি সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক সোয়া কোটি টাকা মূল্যের পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় স্বর্ণ পাচারের অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পাশাপাশি একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) সূত্রে জানা গেছে, রোববার (২৪ মে) সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা উপজেলার ডুগডুগি কলোনিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৬ বিজিবির একটি টহল দল এলাকায় অবস্থান নেয়।

এ সময় মোটরসাইকেলযোগে ওই এলাকা অতিক্রম করার সময় এক ব্যক্তিকে থামার সংকেত দেওয়া হলে তিনি তা অমান্য করে পালানোর চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন।

আটক ব্যক্তি হলেন মো. বাপ্পি (২৭)। তিনি চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার পুরাতন বাজার এলাকার মৃত আবু সিদ্দিকের ছেলে।

বিজিবি জানায়, উপস্থিত জনসাধারণের সামনে আটক ব্যক্তির দেহ তল্লাশি করে আনুমানিক ৬০০ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ১ কোটি ২১ লাখ ৩৮ হাজার টাকা। এছাড়া জব্দ করা মোটরসাইকেলের আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাপ্পি স্বীকার করেছেন যে, স্বর্ণগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল বলে দাবি করেছে বিজিবি।

বিজিবি আরও জানায়, উদ্ধারকৃত স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে। আটক ব্যক্তি ও জব্দকৃত মোটরসাইকেল দামুড়হুদা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধিনায়ক ও পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



banner close
banner close