টাঙ্গাইলের বাসাইলে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন স্কুলশিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার (২৪ মে) দুপুরে টাঙ্গাইল-বাসাইল সড়কের বাংড়া কালিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বাংড়া গ্রামের প্রবাসী রফিক মিয়ার ছেলে তাকবির মিয়া (১৪), একই এলাকার শওকত আলীর ছেলে লিমন (১৩) এবং সোলায়মানের ছেলে সায়মন (১৪)। তারা সবাই করটিয়া এইচ এম ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাসাইল থেকে টাঙ্গাইলগামী একটি দ্রুতগতির সিএনজি চালিত অটোরিকশা বাংড়া কালিঘর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে মোটরসাইকেল আরোহীরা সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তাকবির মিয়ার মৃত্যু হয়।
গুরুতর আহত লিমন ও সায়মনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক লিমনকে মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে সায়মনের মৃত্যু হয়।
এ বিষয়ে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মর্মান্তিক এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত তিন শিক্ষার্থীর পরিবার ও স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।
আরও পড়ুন:








