রবিবার

২৪ মে, ২০২৬ ১০ জ্যৈষ্ঠ, ১৪৩৩

কক্সবাজার আদালত প্রাঙ্গণে গোলাগুলি, আহত ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ মে, ২০২৬ ১৪:২৫

শেয়ার

কক্সবাজার আদালত প্রাঙ্গণে গোলাগুলি, আহত ১
কক্সবাজার, আদালত ,প্রাঙ্গণে, গোলাগুলি, আহত ১

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গোলাগুলির ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (২৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে আদালতের পশ্চিম গেটে এ ঘটনা ঘটে। এ সময় অস্ত্রসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী সিকদার একটি মামলায় হাজিরা দিতে আদালতে আসেন। এ সময় ৫ থেকে ৬ জন অস্ত্রধারী মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। তবে লিয়াকত আলী সিকদার অক্ষত থাকলেও মঈন উদ্দিন নামে এক যুবক গুলিবিদ্ধ হন।

ঘটনার পর আদালত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপস্থিত জনতার সহায়তায় পুলিশ গুলিবর্ষণকারী সন্দেহে দুইজনকে আটক করে। আটক ব্যক্তিদের একজনের কাছ থেকে একটি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, গুলিবিদ্ধ মঈন উদ্দিনকে প্রথমে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে। ঘটনার বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

পুলিশ জানিয়েছে, হামলার উদ্দেশ্য ও জড়িতদের পরিচয় শনাক্তে তদন্ত চলছে। এছাড়া ঘটনার সময় সন্ত্রাসীরা একজনকে মোটরসাইকেলে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেলেও তার পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।



banner close
banner close