ঢাকার মিরপুরের পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, বিচার এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রোববার সকালে শাহজাদপুর প্রেসক্লাব চত্বরে শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের আহ্বায়ক সাংবাদিক মির্জা হুমায়ুন, শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বিমল কুন্ডু, সিনিয়র সাংবাদিক সৈয়দ হুমায়ুন পারভেজ সাব্বির, শিক্ষক সাইফুল্লাহ হাসিম, শিক্ষার্থী হাবিবুর রহমান, রাশেদুজ্জামান রাশেদ ও মাহবুবা খাতুন প্রমুখ।
বক্তারা বলেন, শিশু রামিসার ওপর সংঘটিত বর্বরোচিত নির্যাতন ও হত্যাকাণ্ড জাতিকে গভীরভাবে নাড়া দিয়েছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির কার্যকর উন্নয়ন ঘটাতে হবে।
মানববন্ধনে মির্জা হুমায়ুন বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে অপরাধীরা ভয়হীনভাবে অপরাধ সংঘটনের সুযোগ পাচ্ছে। তিনি রামিসা হত্যাকাণ্ডসহ সকল ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
তিনি আরও বলেন, আগামী ৩০ দিনের মধ্যে রামিসা হত্যাকাণ্ডের আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা শিশু নির্যাতন ও নারী-শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
আরও পড়ুন:








