রামিসা, আসিয়াসহ দেশব্যাপী শিশু ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদ এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতীকী লাশ নিয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) দুপুর ২টার দিকে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
সামাজিক সংগঠন রূপান্তরের উদ্যোগে এবং শাহজাদপুরের সর্বস্তরের জনগণের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মিছিলকারীরা সাম্প্রতিক সময়ে সংঘটিত শিশু ধর্ষণ ও হত্যার ঘটনাগুলো নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং দায়ীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
বিক্ষোভকারীরা বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে শুধু আইন প্রয়োগ নয়, পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে এ ধরনের অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং শিশু সুরক্ষাবিষয়ক কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
আয়োজকদের তথ্যমতে, প্রতীকী লাশ বহন করে ব্যতিক্রমধর্মী এ মিছিলটি শাহজাদপুর সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাহজাদপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জিদান হোসেন, রাতুল বিন হোসেন, আরাফ রহমান, বাসার খন্দকার এবং আব্দুল্লাহ আল মামুন। বক্তারা শিশু নির্যাতন ও হত্যার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
আয়োজকরা জানান, শিশুদের প্রতি সহিংসতা ও যৌন নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। তারা শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে রাষ্ট্র, সমাজ ও পরিবারের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন:








