শনিবার

২৩ মে, ২০২৬ ৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ মে, ২০২৬ ১৪:১৭

শেয়ার

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২৫
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসায় প্রায় অর্ধশত যাত্রী নিয়ে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে খোকসার শিয়ালডাঙ্গী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে এক নারীসহ অন্তত তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

নিহতদের মধ্যে রাফিয়া নামের এক স্কুলছাত্রীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। সে দৌলতপুরের ফিলিপ নগড় মন্ডল পাড়ার রুহুল আমিনের মেয়ে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজবাড়ী থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী ‘তানহা পরিবহনে’র একটি যাত্রীবাহী বাস খোকসার শিয়ালডাঙ্গী মসজিদের সামনে পৌঁছালে আচমকা একটি ভ্যানের মুখোমুখি চলে আসে। ভ্যানটিকে বাঁচাতে গিয়ে দ্রুত ব্রেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে বাসটির ধাক্কা লাগে। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে গভীর খাদে ছিটকে পড়ে।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আরিফুল হক জানান, হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। এছাড়া আহত অন্তত ২৫ জনকে এখানে প্রাথমিক চিকিৎসার জন্য আনা হয়। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি উদ্ধারে পুলিশ কাজ করছে। ঘটনার পর চালক ও সহকারী পলাতক রয়েছে। হতাহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।



banner close
banner close