টানা ও অসময়ের ভারী বৃষ্টিতে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার তলব বাজার থেকে রেমাগামী গুরুত্বপূর্ণ সড়কের ময়না বিল এলাকায় রাস্তার একটি অংশ ধসে পড়ে। এতে সীমান্তবর্তী এলাকার মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয় এবং চরম দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা। পরে বর্ডার গার্ড বাংলাদেশ–এর হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত সড়কটি মেরামত করা হলে স্বস্তি ফিরে আসে এলাকাবাসীর মাঝে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিনের টানা বৃষ্টিতে ময়না বিল এলাকার সড়কের একটি অংশ ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়। এতে তলব বাজার, রেমা ও আশপাশের সীমান্তবর্তী এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, কৃষক ও রোগীদের যাতায়াতে চরম ভোগান্তি দেখা দেয়। ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করায় দুর্ঘটনার আশঙ্কাও বাড়তে থাকে।
এমন পরিস্থিতিতে বিষয়টি জানতে পেরে ৫৫ বিজিবি তাৎক্ষণিকভাবে জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করে। বিজিবির সদস্যরা নিজস্ব ব্যবস্থাপনায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাস্তা সংস্কারের কাজ শুরু করেন। পরে মাটি ও প্রয়োজনীয় উপকরণ ফেলে ধসে পড়া অংশ সংস্কার করে রাস্তাটি পুনরায় চলাচলের উপযোগী করা হয়।
রাস্তা মেরামতের ফলে স্থানীয় মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। তারা বলেন, সরকারি উদ্যোগের অপেক্ষা না করে বিজিবি দ্রুত এগিয়ে আসায় সাধারণ মানুষ অনেক উপকৃত হয়েছে। বিশেষ করে জরুরি প্রয়োজনে চলাচল এখন অনেক সহজ হয়েছে।
স্থানীয় বাসিন্দারা আরও জানান, বৃষ্টির সময় প্রতি বছরই ওই এলাকায় সড়ক ক্ষতিগ্রস্ত হয়। তাই ভবিষ্যতে স্থায়ী সমাধানের জন্য সেখানে একটি কালভার্ট নির্মাণ অত্যন্ত জরুরি। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকেও জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হচ্ছে বলে জানা গেছে।
এ বিষয়ে বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের দুর্ভোগ লাঘব ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও বিজিবি সবসময় সক্রিয় রয়েছে। প্রাকৃতিক দুর্যোগ কিংবা যেকোনো সংকটে স্থানীয় মানুষের পাশে দাঁড়ানোকে তারা দায়িত্বের অংশ হিসেবে মনে করেন।
স্থানীয়দের মতে, সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষার পাশাপাশি জনসেবামূলক কাজে বিজিবির এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের আস্থা ও ইতিবাচক মনোভাব আরও বাড়াবে।
আরও পড়ুন:








