শনিবার

২৯ আগস্ট, ২০২৬ ১৪ ভাদ্র, ১৪৩৩

জয়পুরহাটে শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: ২২ মে, ২০২৬ ২০:০৫

শেয়ার

জয়পুরহাটে শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

জয়পুরহাট শহরের আদর্শপাড়া এলাকায় ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা লিটনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভুক্তভোগীর পরিবার ও মামলা সূত্রে জানা গেছে, শিশুটির মা স্থানীয় একটি ছাত্রাবাসে রান্নার কাজ করেন। গত সপ্তাহে প্রতিদিনের মতো মা কাজে চলে গেলে ঘরে একা থাকার সুযোগে রিকশাচালক সৎ বাবা লিটন ওই শিশুকে জোরপূর্বক ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে না জানাতে ভয়ভীতি দেখায়। পরবর্তীতে গত ১৮ মে সৎ বাবা আবারও ঘরে ঢুকে কুপ্রস্তাব দিলে শিশুটি আতঙ্কিত হয়ে দৌড়ে মায়ের কর্মস্থলে গিয়ে ঘটনাটি খুলে বলে।

ভুক্তভোগীর মা অভিযোগ করে বলেন, ‘লিটন মাদকাসক্ত। এই ঘটনার প্রতিবাদ করায় সে তাকেও মারধর করেছে।’

বৃহস্পতিবার রাতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও মেডিকেল অফিসার ডা. রায়হানুল আলম জানান, ‘শিশুটিকে বর্তমানে গাইনি বিভাগে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।’

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ হাসপাতালে গিয়ে ভুক্তভোগী শিশুর খোঁজখবর নিয়েছে। অভিযুক্ত সৎ বাবা লিটনকে ইতোমধ্যেই আটক করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে এবং আইনি ব্যবস্থা নেয়া হবে।