শনিবার

২৩ মে, ২০২৬ ৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩

মিরপুরে রামিসা হত্যা মামলায় বিক্ষোভ, ১০ নম্বরে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ মে, ২০২৬ ০৪:০০

শেয়ার

মিরপুরে রামিসা হত্যা মামলায় বিক্ষোভ, ১০ নম্বরে সড়ক অবরোধ
ছবি সংগৃহীত

দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারকে (৭) ধর্ষণের পর হত্যার ঘটনায় অভিযুক্তদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজধানীর মিরপুর-১০ গোল চত্বরে সড়ক অবরোধ করেছেন বিক্ষোভকারীরা।

শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর থেকে বিক্ষোভকারীরা সেখানে জড়ো হতে শুরু করেন। পরে তারা অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এতে ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায়ও একই দাবিতে মিরপুর-১০ থেকে ১২ নম্বর পর্যন্ত সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। তখন দীর্ঘসময় যান চলাচল বন্ধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে মিরপুর-১১ নম্বর সেকশনের বি ব্লকে রামিসার বাসায় যান প্রধানমন্ত্রী। সেখানে তিনি শিশুটির বাবা-মাকে সান্ত্বনা দেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, আইনমন্ত্রী আসাদুজ্জামান, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

গত মঙ্গলবার সকালে মিরপুর-১১ নম্বরের বি ব্লকের একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যার পর মরদেহ গুমের চেষ্টাও করা হয়। এ ঘটনায় পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা (৩০) ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে।



banner close
banner close