পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিয়ন্ত্রণ এবং জনসাধারণের নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে রাজধানী ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) থেকে বিজিবি সদস্যরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন শুরু করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঈদকে কেন্দ্র করে রাজধানী ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি সড়কে যানজট নিয়ন্ত্রণে রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে রাজধানীর নিউমার্কেট এলাকা, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সাভারের নবীনগর ও বাইপাইল, গাজীপুর সিটি করপোরেশন এলাকা এবং গাজীপুর চৌরাস্তাসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।
সূত্র আরও জানায়, সরকারের নির্দেশনা অনুযায়ী নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করার পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় ঈদের আগে সাত দিন এবং ঈদের পরবর্তী তিন দিন বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।
এ সময় গুরুত্বপূর্ণ টোল প্লাজা, মহাসড়ক এবং যানজটপ্রবণ বিভিন্ন এলাকায় দায়িত্ব পালনের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটদের পরিচালিত মোবাইল কোর্ট কার্যক্রমে সহায়তা করবেন বিজিবি সদস্যরা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে, এই উদ্যোগের ফলে ঈদকে কেন্দ্র করে সড়কে শৃঙ্খলা বজায় থাকবে এবং ঘরমুখো মানুষের যাতায়াত আরও নিরাপদ ও স্বস্তিদায়ক হবে।
আরও পড়ুন:








