বৃহস্পতিবার

২১ মে, ২০২৬ ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩

উল্লাপাড়ায় বৃদ্ধ হত্যা: মামলা ভিন্ন খাতে নেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১ মে, ২০২৬ ১৭:৫৮

শেয়ার

উল্লাপাড়ায় বৃদ্ধ হত্যা: মামলা ভিন্ন খাতে নেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন
ছবি সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ঘরে সিঁধ কেটে বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলা ভিন্ন খাতে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন নিহতের পরিবার। বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নিহত সোবহান প্রামাণিকের (৭০) স্ত্রী ও পরিবারের সদস্যরা এই অভিযোগ তোলেন।

গত ১০ মে রাতে উল্লাপাড়া উপজেলার দত্তপাড়া এলংজানি গ্রামে ঘরে সিঁধ কেটে প্রবেশ করে প্রতিপক্ষরা বৃদ্ধ সোবহান প্রামাণিককে কুপিয়ে হত্যা করে। একই সময়ে তাঁর স্ত্রী শেফালী খাতুনকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়। এই ঘটনায় নিহতের ছেলে গোলাম সবুর বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর সোবহান প্রামাণিকের ছেলে সেলিম রেজাকে অপহরণ করা হয়। ওই ঘটনায় একই গ্রামের মোসাব্বর আলীর ছেলে বাবুল প্রামাণিকসহ ৬ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা দায়ের করা হয়। সেই থেকে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল এবং একাধিকবার হামলা ও পাল্টা মামলার ঘটনা ঘটে।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, পুলিশ আসামিদের কাছ থেকে অর্থ নিয়ে মামলাটি ভিন্ন খাতে পরিচালিত করছে। এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার না করে উল্টো বাদী পক্ষের লোকজনকে গ্রেপ্তার করে নির্যাতনের মাধ্যমে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করা হচ্ছে। গ্রেপ্তারের ভয়ে এলাকার মানুষ বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন। এই সুযোগে আসামি পক্ষের লোকজন বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালাচ্ছে বলেও অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নিহত সোবহান প্রামাণিকের স্ত্রী শেফালী খাতুন, ছেলে মাসুদ রানা, মামলার বাদী গোলাম সবুর এবং ইতি বেগম।

তবে পরিবারের অভিযোগ অস্বীকার করেছেন উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান। তিনি জানান, হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি আবদুল আজিজ হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুইজন বর্তমানে রিমান্ডে রয়েছেন এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। ওসি আরও জানান, দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি মামলা রয়েছে এবং প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, প্রতিপক্ষকে ফাঁসাতেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।



banner close
banner close