শনিবার

২৯ আগস্ট, ২০২৬ ১৪ ভাদ্র, ১৪৩৩

২৯৭ কোটি টাকার ঋণ জালিয়াতি মামলায় আবুল বারকাতের জামিন বহাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ মে, ২০২৬ ১৬:৪৪

শেয়ার

২৯৭ কোটি টাকার ঋণ জালিয়াতি মামলায় আবুল বারকাতের জামিন বহাল
ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আবুল বারকাত-এর বিরুদ্ধে করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় তার জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে বর্তমানে তার মুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী-এর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ রাষ্ট্রপক্ষের করা জামিন স্থগিতের আবেদন খারিজ করে দেন।

আদালতের নির্দেশ অনুযায়ী, জামিন বহাল থাকলেও ড. আবুল বারকাতকে নিম্ন আদালতে তার পাসপোর্ট জমা দিতে হবে।

এর আগে হাইকোর্টের একটি বেঞ্চ তাকে জামিন দেন। পরে সেই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করলে শুনানি শেষে তা খারিজ করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি অ্যাননটেক্স গ্রুপের ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ড. আবুল বারকাতসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। মামলাটি দায়ের করেন দুদকের উপপরিচালক মো. নাজমুল হোসেন।

পরে গত বছরের ১০ জুলাই এ মামলায় তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।