ঢাকার সাভার ও আশুলিয়ায় পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬০০ পুড়িয়া হেরোইন উদ্ধারসহ মোট ৫ জন মাদক ব্যবসায়ী এবং ৪ জন ছিনতাইকারী দলের সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।
পুলিশ সূত্রে জানা যায়, ২০ মে বিকেল ৩টা ৪০ মিনিটে সাভার থানার বেদেপল্লী এলাকায় অভিযান চালিয়ে আবুল কাশেম সূর্জা নামে এক মাদক ব্যবসায়ীকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।
একই দিন বিকেল ৫টা ১০ মিনিটে সাভারের রাজাশন এলাকায় পৃথক অভিযানে ইব্রাহিম গাজী নামের এক মাদক ব্যবসায়ীকে ৫০০ পুড়িয়া হেরোইনসহ আটক করা হয়। উদ্ধারকৃত হেরোইনের বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
পরে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে আশুলিয়ার পানধোয়া এলাকায় অভিযান চালিয়ে রায়হান মিয়া ও নূর জাহান নামে দুই মাদক ব্যবসায়ীকে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ লাখ ৫ হাজার টাকা।
অপরদিকে রাত ৮টা ২৫ মিনিটে আশুলিয়ার জিরানী এলাকায় অভিযান চালিয়ে রুহুল আমিন নামে এক মাদক ব্যবসায়ীকে ১০০ পুড়িয়া হেরোইনসহ আটক করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ৩০ হাজার টাকা।
এছাড়া রাত ৮টা ৩০ মিনিটে সাভারের মজিদপুর এলাকায় অভিযান চালিয়ে সুজন হোসেন নামে এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি ও মাদকসহ মোট ৭টি মামলা রয়েছে।
একই রাতে সাভারের আমিন হেমায়েতপুর এলাকায় পৃথক অভিযানে ভুয়া ডিবি পরিচয়ে ছিনতাইকারী চক্রের তিন সদস্য— কোরবান আলী, মেহেদী হাসান মিলন ও কামরুজ্জামান হিরাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত ইব্রাহিম গাজীর বিরুদ্ধে একটি এবং নূর জাহানের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।
ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অন্যান্য ধারায় মামলা রুজু করা হয়েছে। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, সাভার-আশুলিয়াসহ ঢাকা জেলার বিভিন্ন এলাকায় মাদক, ছিনতাই ও সংঘবদ্ধ অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন:








