ঝিনাইদহের মহেশপুর উপজেলায় অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যানসহ ২৪ লাখ ৫৪ হাজার টাকা মূল্যের ৮১৮ বোতল ফেনসিডিল জব্দ করেছে র্যাব-৬।
২০ মে ভোরে উপজেলার আলহাজ্ব মফিজ উদ্দীন একাডেমীর সামনের সড়ক থেকে এসব মাদক উদ্ধার করা হয়। তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
র্যাব সূত্র জানায়, সীমান্ত এলাকা থেকে পিকআপযোগে মাদকের একটি বড় চালান মহেশপুর শহরের দিকে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ওই এলাকায় বিশেষ চেকপোস্ট বসায় র্যাব-৬, সিপিসি-২ (ঝিনাইদহ ক্যাম্প)-এর একটি দল। আনুমানিক ভোর সাড়ে ৪টার দিকে একটি সন্দেহভাজন সাদা রঙের পিকআপ ভ্যানকে থামার সংকেত দিলে চালক গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে। এ সময় সড়কের স্পীড ব্রেকার অতিক্রম করতে গিয়ে গাড়িটির টায়ার ফেটে যায়।
বেগতিক দেখে চালক ও তার সহযোগীরা পিকআপটি সড়কের পাশের একটি ডোবায় ফেলে অন্ধকারের মধ্যে পালিয়ে যায়। পরে স্থানীয়দের উপস্থিতিতে ডোবা থেকে পিকআপটি এবং পানির ভেতর থেকে ৩টি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলো তল্লাশি করে ভারতীয় নিষিদ্ধ কোডিন ফসফেট যুক্ত দুই ব্র্যান্ডের (FAIRDYL ও ESkuf) মোট ৮১৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২৪ লক্ষ চুয়ান্ন হাজার টাকা।
এ ঘটনায় ঝিনাইদহ র্যাব-৬ ক্যাম্পের সাব-ইন্সপেক্টর (নিঃ) মোঃ আবুল হোসেন শেখ বাদী হয়ে মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। মহেশপুর থানা পুলিশ জানিয়েছে, জব্দকৃত আলামত থানায় হস্তান্তর করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন:








