বুধবার

২০ মে, ২০২৬ ৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩

পিরোজপুরে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, তদন্ত কমিটি গঠন

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০ মে, ২০২৬ ২১:৩৯

শেয়ার

পিরোজপুরে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, তদন্ত কমিটি গঠন
ছবি সংগৃহীত

পিরোজপুরের মঠবাড়িয়ায় ‘টপটেন জেনারেল হাসপাতাল’ নামে একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসা ও অবহেলার অভিযোগে এক নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. শাকিল সরোয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা মেডিকেল অফিসার ডা. চঞ্চল গোলদারকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করেন। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের বাসিন্দা ফেরদৌসী বেগম প্রসব ব্যথা নিয়ে কয়েকদিন আগে টপটেন জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরে সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে গত শুক্রবার তিনি একটি সন্তান জন্ম দেন।

পরিবারের সদস্যদের দাবি, জন্মের পর নবজাতকটি সুস্থ ছিল। তবে জন্মের পরদিন শনিবার হঠাৎ শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে। এ সময় তার নাক ও মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে।

স্বজনদের অভিযোগ, বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে তারা শিশুটিকে শিশু বিশেষজ্ঞের কাছে নেওয়ার পরামর্শ দেন। পরে নবজাতকটিকে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আশীষ দেবনাথ লিজনের চেম্বারে নেওয়া হলে তিনি দ্রুত সরকারি হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পরামর্শ দেন। তবে সেখানে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়।

নিহত নবজাতকের নানি বলেন, সন্তান জন্মের পর শিশুটি স্বাভাবিক ছিল। কিন্তু দুইদিন পর হঠাৎ তার নাক-মুখ দিয়ে রক্ত পড়তে থাকে। আমরা হাসপাতালে জানালে তারা বাইরে ডাক্তার দেখানোর কথা বলে। পরে ডা. আশীষের কাছে নিলে তিনি বলেন, শিশুটির অবস্থা গুরুতর, দ্রুত ইমারজেন্সিতে নিতে হবে।

অভিযোগের বিষয়ে টপটেন জেনারেল হাসপাতালের মালিক সাকিব সোহেল বলেন, আমাদের হাসপাতালে ফেরদৌসীর সিজার সম্পন্ন হয় এবং নবজাতকটি জন্মের পর সুস্থই ছিল। পরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা পরিবারের সদস্যদের শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে বলি। চিকিৎসকের কাছে নেওয়ার সময় শিশুটির মৃত্যু হয়েছে বলে জানতে পারি।

শিশু বিশেষজ্ঞ ডা. আশীষ দেবনাথ লিজন বলেন, শিশুটিকে আমার কাছে আনার আগেই তার অবস্থা আশঙ্কাজনক ছিল। নাক ও মুখ দিয়ে রক্ত পড়ছিল। পরিস্থিতি গুরুতর হওয়ায় দ্রুত জরুরি বিভাগে নেওয়ার পরামর্শ দিয়েছি।

এ বিষয়ে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সৌমিত্র সিংহ রায় জানান, ঘটনার পর উপজেলা মেডিকেল অফিসার ডা. চঞ্চল গোলদারের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাকিল সরোয়ার বুধবার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



banner close
banner close