চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের পূর্ব রায়ছটা এলাকায় গ্যাসের চুলা থেকে আগুন লেগে তিনটি বসতঘর পুড়ে গেছে। বুধবার (২০ মে) বিকেল সাড়ে ৪টার দিকে ৯ নম্বর ওয়ার্ডের আব্দুল কাদের মুন্সির বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা হলেন- একই এলাকার ফজল আহমদের ছেলে মো. কায়ছার, মো. জমির উদ্দিন এবং সোলতান আহমদের ছেলে নুরুন্নবী। স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনে বসতঘরসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে গিয়ে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন। পরে খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন।
বাঁশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মো. মিযানুর রহমান বলেন, 'খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিই। গুনাগরি এলাকায় পৌঁছানোর পর জানতে পারি স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে।'
অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে তাৎক্ষণিকভাবে চালের বস্তা ও নগদ অর্থ সহায়তা প্রদান করে খানখানাবাদ ইউনিয়ন জামায়াত। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি জোবায়ের আহমদ এবং ইউনিয়ন জামায়াতের কর্মপরিষদ সদস্য মোশাররফ হোসাইন চৌধুরী মোহাব্বত প্রমূখ।
আরও পড়ুন:








