বুধবার

২০ মে, ২০২৬ ৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩

সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ মে, ২০২৬ ১৪:২৩

শেয়ার

সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
ছবি সংগৃহীত

কক্সবাজারে সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যা মামলায় ১৮ আসামির মধ্যে ৪ জনকে মৃত্যুদণ্ড, ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫ জনকে খালাস দিয়েছেন আদালত। একই সঙ্গে সংশ্লিষ্ট একটি অস্ত্র মামলায় আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

বুধবার (২০ মে) দুপুর ১২টার দিকে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় ১৮ আসামির মধ্যে ১২ জন আদালতে উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও ৫ম আদালতের পিপি অ্যাডভোকেট খোরশেদ আলম চৌধুরী।

মামলার এজাহার সূত্রে তিনি জানান, ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর রাত ২টার দিকে চকরিয়ার ডুলহাজারা এলাকায় ডাকাতি দমনে যৌথ বাহিনীর একটি অভিযান পরিচালিত হয়। অভিযানে সেনাবাহিনীর ৩৯ এসটি ব্যাটালিয়নের কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন ডাকাতদের ধাওয়া করতে গিয়ে দুই ডাকাতকে আটকানোর চেষ্টা করেন।

এ সময় সংঘবদ্ধ ডাকাতরা তার ঘাড় ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৪টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহত সেনা কর্মকর্তার পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয়। দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।



banner close
banner close