বুধবার

২০ মে, ২০২৬ ৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩

চাঁদা না দেওয়ায় অটোচালককে পিটিয়ে হত্যা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ মে, ২০২৬ ১২:৩৯

শেয়ার

চাঁদা না দেওয়ায় অটোচালককে পিটিয়ে হত্যা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১০ টাকা চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে এক অটোচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিচারের আশ্বাস দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

নিহত অটোচালক মো. মমিন উপজেলার নাজিরপুর এলাকার আব্দুল হাকিমের ছেলে। ঘটনাটি উপজেলার দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় ঘটে।

নিহতের স্বজনদের অভিযোগ, গত রোববার বিকেলে দড়িকান্দি বাসস্ট্যান্ডে লাইনম্যান শাহিন অটোচালক মমিনের কাছ থেকে ১০ টাকা চাঁদা নেওয়ার পর আবারও চাঁদা দাবি করে। এ নিয়ে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে শাহিন তার হাতে থাকা লাঠি দিয়ে মমিনের মাথায় এলোপাতাড়ি আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই জ্ঞান হারান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার সকালে তার মৃত্যু হয়।

ঘটনার পর থেকেই অভিযুক্ত শাহিন পলাতক রয়েছেন বলে জানিয়েছে পরিবার।

এদিকে অটোচালকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বুধবার সকালে এলাকাবাসী ও স্বজনরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তারা দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার বলেন, “এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। জড়িত আসামিকে গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”



banner close
banner close