বুধবার

২০ মে, ২০২৬ ৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩

মোটরসাইকেলে অগ্রিম আয়কর আরোপের পরিকল্পনা, বাড়ছে আলোচনা-সমালোচনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ মে, ২০২৬ ১১:৩০

শেয়ার

মোটরসাইকেলে অগ্রিম আয়কর আরোপের পরিকল্পনা, বাড়ছে আলোচনা-সমালোচনা
ছবি সংগৃহীত

মোটরসাইকেল মালিকদের কাছ থেকে অগ্রিম আয়কর (এআইটি) আদায়ের পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী অর্থবছরের বাজেটে এ সংক্রান্ত প্রস্তাব অন্তর্ভুক্ত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। প্রস্তাব অনুযায়ী, ট্যাক্স টোকেন নবায়ন বা নিবন্ধনসংক্রান্ত সেবার সঙ্গে এ কর আদায় করা হতে পারে। বিষয়টি নিয়ে মোটরসাইকেল মালিক ও চালকদের মধ্যে উদ্বেগ ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে কর নেটওয়ার্কের বাইরে থাকা মোটরসাইকেল ও অটোরিকশাকে কর ব্যবস্থার আওতায় আনতে এ উদ্যোগ বিবেচনা করা হচ্ছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে প্রায় ৪৯ লাখ নিবন্ধিত মোটরসাইকেল রয়েছে।

এনবিআরের কর্মকর্তাদের সঙ্গে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর বৈঠকে মোটরসাইকেল ও অটোরিকশাকে অগ্রিম আয়করের আওতায় আনার বিষয়টি আলোচনা হয়েছে বলে জানা গেছে। বাজেট প্রস্তুতির সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিন)–এর বিপরীতে এআইটি আদায়ের পরিকল্পনাই আপাতত গুরুত্ব পাচ্ছে। এর মাধ্যমে ধীরে ধীরে আরও বেশি মানুষকে কর ব্যবস্থার আওতায় আনা সম্ভব হবে বলে মনে করছে এনবিআর।

আলোচনায় থাকা প্রস্তাব অনুযায়ী, ১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেল করমুক্ত রাখা হতে পারে। ১১১ থেকে ১২৫ সিসি পর্যন্ত মোটরসাইকেলের জন্য বার্ষিক ২ হাজার টাকা, ১২৬ থেকে ১৬৫ সিসির জন্য ৫ হাজার টাকা এবং ১৬৫ সিসির বেশি মোটরসাইকেলের জন্য ১০ হাজার টাকা অগ্রিম আয়কর নির্ধারণের চিন্তা চলছে।

একই সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার ক্ষেত্রেও নতুন কর আরোপের পরিকল্পনা রয়েছে। প্রস্তাব অনুযায়ী, সিটি করপোরেশন এলাকায় ৫ হাজার টাকা, পৌরসভা এলাকায় ২ হাজার টাকা এবং ইউনিয়ন পর্যায়ে ১ হাজার টাকা কর নির্ধারণ করা হতে পারে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়নের সময় এ কর আদায়ের ব্যবস্থা করা হতে পারে।

এ বিষয়ে এনবিআরের সাবেক চেয়ারম্যান বদিউর রহমান বলেন, মোটরসাইকেল মালিকদের কর ব্যবস্থার আওতায় আনার চিন্তা যৌক্তিক। তবে করের হার সহনীয় ও বাস্তবসম্মত হওয়া প্রয়োজন।

নতুন কর আরোপের পরিকল্পনার খবর প্রকাশের পর থেকেই মোটরসাইকেল মালিক ও চালকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। রোববার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা।

বিক্ষোভকারীদের দাবি, বাংলাদেশে মোটরসাইকেলের দাম প্রতিবেশী দেশগুলোর তুলনায় আগে থেকেই বেশি। এর ওপর নতুন কর আরোপ করা হলে সাধারণ ব্যবহারকারী ও রাইড শেয়ারিং–নির্ভর চালকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হবে।

রাজধানীর গুলশানে কথা বলা কয়েকজন চালকের মধ্যে শাহাবুদ্দিন বলেন, তিনি নিয়মিত ট্যাক্স টোকেন ফি পরিশোধ করেন। নতুন করে কর আরোপকে তিনি অযৌক্তিক মনে করেন।

আরেক চালক রফিক উল্ল্যাহ বলেন, অনেকের জন্য মোটরসাইকেল আয়ের প্রধান মাধ্যম। এ অবস্থায় অতিরিক্ত কর আরোপ জীবিকার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।



banner close
banner close