মঙ্গলবার

১৯ মে, ২০২৬ ৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩

বাংলা এডিশনের সাংবাদিকের ওপর হামলা; মানববন্ধনের পর স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ মে, ২০২৬ ২২:০৯

শেয়ার

বাংলা এডিশনের সাংবাদিকের ওপর হামলা; মানববন্ধনের পর স্মারকলিপি প্রদান
ছবি বাংলা এডিশন

পেশাগত দায়িত্ব পালনকালে ‘বাংলা এডিশন’-এর গাজীপুর প্রতিনিধি মাহবুবুর রহমান জিলানীর ওপর হামলার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিকরা। মঙ্গলবার সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন গণমাধ্যমকর্মী, সাংবাদিক নেতা ও মানবাধিকারকর্মীরা অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। তারা অভিযোগ করে, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর সংঘবদ্ধ হামলা চালানো হয়েছে, যা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ।

কর্মসূচি শেষে সাংবাদিকরা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি জমা দিয়েছে। স্মারকলিপিতে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

এর আগে সোমবার টঙ্গীর কলেজ গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রতীকী অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করে জাতীয় গণমাধ্যম কমিশনসহ স্থানীয় সাংবাদিক সংগঠনগুলো। সেখানে বক্তারা বলে, নতুন বাংলাদেশে গণমাধ্যমের কণ্ঠরোধের যেকোনো অপচেষ্টা প্রতিহত করা হবে।

সাংবাদিকদের অভিযোগ, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হকের ইশারায় হামলার ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে প্রতিমন্ত্রী বা তার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বাংলা এডিশনের অনুসন্ধান অনুযায়ী, গত রবিবার প্রতিমন্ত্রীর ভগ্নিপতি মান্নান দেওয়ানের সম্পদের তথ্য সংগ্রহ করতে যান সাংবাদিক মাহবুবুর রহমান জিলানী। অভিযোগ রয়েছে, কালিয়াকৈরে কোনো দৃশ্যমান ব্যবসা না থাকলেও মান্নান দেওয়ান বিপুল সম্পদের মালিক হয়েছেন এবং বর্তমানে একটি সাততলা ভবন নির্মাণ করছেন। যার একতলা ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।

সংবাদ সংগ্রহের সময় মান্নান দেওয়ানের মুখোমুখি হলে তার সহযোগীরা সাংবাদিক মাহবুবুর রহমানকে মারধর করে। ভুক্তভোগী সাংবাদিকের দাবি, অনিয়ম, মাদক ও চাঁদাবাজি সংক্রান্ত তথ্য-প্রমাণ নষ্ট করতেই এ হামলা চালানো হয়েছে।

এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মাহবুবুর রহমান।

এদিকে, স্থানীয় কয়েকজন স্বজন ও এলাকাবাসী মান্নান দেওয়ানের আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলেছে। যদিও মান্নান দেওয়ানের দাবি, জমি ও গাড়ি বিক্রির অর্থ দিয়েই তিনি বাড়ি নির্মাণ করছেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে ক্ষমতার অপব্যবহার ও গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেয়া হবে না। দ্রুত বিচার নিশ্চিত না হলে দেশব্যাপী কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেয় তারা।



banner close
banner close