মঙ্গলবার

১৯ মে, ২০২৬ ৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩

আন্তর্জাতিক ট্রেইল রেইসে ইতিহাস গড়লেন হবিগঞ্জের আমির উদ্দিন

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯ মে, ২০২৬ ১৭:১০

শেয়ার

আন্তর্জাতিক ট্রেইল রেইসে ইতিহাস গড়লেন হবিগঞ্জের আমির উদ্দিন
ছবি সংগৃহীত

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য নতুন এক গৌরবের নাম হয়ে উঠেছেন হবিগঞ্জের বানিয়াচং উপজেলার তরুণ দৌড়বিদ আমির উদ্দিন। নেপালের দুর্গম পাহাড়ি পথে অনুষ্ঠিত আন্তর্জাতিক ট্রেইল রেইস ‘রেইস ১০০’-এর ৫০ কিলোমিটার ক্যাটাগরিতে অংশ নিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে সফলভাবে রেইস সম্পন্ন করে ইতিহাস গড়েছেন তিনি।

সম্প্রতি নেপালের অন্নপূর্ণা অঞ্চলের মনোমুগ্ধকর কিন্তু অত্যন্ত চ্যালেঞ্জিং পাহাড়ি পথে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞ ট্রেইল রানাররা এতে অংশ নেন। প্রতিকূল আবহাওয়া, খাড়া পাহাড়ি পথ ও দীর্ঘ দূরত্বের কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করে আমির উদ্দিন অসাধারণ সাহসিকতা ও মানসিক দৃঢ়তার পরিচয় দেন।

তিনি ১৩ ঘণ্টা ২৩ মিনিট ৩৫ সেকেন্ড সময় নিয়ে ৫০ কিলোমিটার রেইস সম্পন্ন করেন এবং বাংলাদেশের প্রথম ফিনিশার হওয়ার গৌরব অর্জন করেন। তার এই অর্জন দেশের ট্রেইল রানিং অঙ্গনে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে বলে মনে করছেন ক্রীড়াপ্রেমীরা।

স্থানীয়রা জানান, সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও নিজের প্রচেষ্টা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে ট্রেইল রানিংয়ে দক্ষতা গড়ে তুলেছেন আমির। পাহাড়ি ট্রেইল রানের মতো কঠিন প্রতিযোগিতায় তার এই সাফল্য তরুণদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।

ট্রেইল রানার সাইফুল ইসলাম বলেন, আমির ভাই আমাদের জন্য অনুপ্রেরণা। পাহাড়ি ট্রেইল রেইস অত্যন্ত কঠিন। সেখানে বাংলাদেশের হয়ে প্রথম ফিনিশার হওয়া সত্যিই অসাধারণ অর্জন।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আমির উদ্দিন বলেন, এই অর্জন শুধু আমার নয়, পুরো বাংলাদেশের। দেশের পতাকা বুকে নিয়ে আন্তর্জাতিক মঞ্চে দৌড়াতে পেরে আমি গর্বিত। ভবিষ্যতে আরও বড় প্রতিযোগিতায় দেশের জন্য ভালো কিছু করতে চাই।

তার এই সাফল্যে বানিয়াচংসহ পুরো হবিগঞ্জ জেলায় আনন্দের বন্যা বইছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন জানাচ্ছেন। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের আশা, যথাযথ পৃষ্ঠপোষকতা ও সুযোগ-সুবিধা পেলে ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় সাফল্য এনে দিতে পারবেন আমির উদ্দিন।



banner close
banner close