মঙ্গলবার

১৯ মে, ২০২৬ ৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩

আশুলিয়ায় ডাকাত দলের ৪ সদস্য ও সাভারে ৩ জুয়ারী গ্রেফতার

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত: ১৯ মে, ২০২৬ ১৬:৪৪

শেয়ার

আশুলিয়ায় ডাকাত দলের ৪ সদস্য ও সাভারে ৩ জুয়ারী গ্রেফতার
ছবি সংগৃহীত

ঢাকার আশুলিয়া ও সাভারে পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে ৪ জন ছিনতাইকারী/ডাকাত দলের সদস্য এবং ৩ জন জুয়ারীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ১৯ মে ভোর ৩টা ৫ মিনিটে আশুলিয়া থানার বগাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে পেশাদার ছিনতাইকারী ও ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—ওয়াসিম ওরফে শুটার ওয়াসিম (৩৬), মোঃ নাসির (২২), গোলাম রব্বানী (৩০) এবং মোঃ বাবু (৩৫)।

অভিযানকালে তাদের হেফাজত থেকে একটি লোহার তৈরি ধারালো চাপাতি, একটি সুইচ গিয়ার চাকু, একটি স্টিলের চাপাতি, একটি স্টিলের চাকু এবং একটি লোহার তৈরি ধারালো কাটার উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত ওয়াসিমের বিরুদ্ধে ৫টি এবং গোলাম রব্বানীর বিরুদ্ধে ১টি মামলা রয়েছে।

অপরদিকে ১৮ মে রাত ১০টা ৩০ মিনিটে সাভার থানার কাতলাপুর এলাকায় পৃথক অভিযানে ৩ জন পেশাদার জুয়ারীকে আটক করা হয়। তারা হলেন— মোঃ সিপন মিয়া (২৫), মোঃ সানাউল্লাহ (২৫) এবং মোঃ মোহাম্মদ আলী (৪০)।

এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত এক বান্ডিল তাস, নগদ ৫ হাজার ৩০০ টাকা এবং একটি বিছানার চাদর উদ্ধার করা হয়।

ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ডাকাতির প্রস্তুতি ও অন্যান্য আইনে মামলা রুজু করা হয়েছে। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকা জেলার বিভিন্ন এলাকায় অপরাধ দমন, ছিনতাই ও জুয়া প্রতিরোধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।



banner close
banner close