মঙ্গলবার

১৯ মে, ২০২৬ ৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩

জাল কাস্টমস কাগজে আনা ভারতীয় জিরা জব্দ, গ্রেফতার ২

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯ মে, ২০২৬ ১২:১০

শেয়ার

জাল কাস্টমস কাগজে আনা ভারতীয় জিরা জব্দ, গ্রেফতার ২
ছবি সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় জাল কাস্টমস কাগজ ব্যবহার করে অবৈধভাবে পরিবহন করা প্রায় ১ কোটি টাকার ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় একটি ট্রাকসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

বিজিবির হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সূত্র জানায়, গত ১৭ মে সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বরে বিশেষ অভিযান চালানো হয়। এসময় একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি করে ৬ হাজার কেজি (২০০ বস্তা) ভারতীয় জিরা উদ্ধার করা হয়।

তল্লাশিকালে ট্রাকে থাকা তামাবিল ল্যান্ড কাস্টমস স্টেশন, সিলেটের বিল অব এন্ট্রি ও এক্সপোর্ট সংক্রান্ত কাগজপত্র কাস্টমস কর্মকর্তাদের সহায়তায় যাচাই-বাছাই করা হলে সেগুলো জাল বা নকল বলে প্রমাণিত হয়। পরে জিরাভর্তি ট্রাকটি জব্দ করা হয়।

গ্রেফতাররা হলেন সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার খারোবিল গ্রামের মোঃ সেলিম মিয়া (৩১) এবং লক্ষীপুর এলাকার মোঃ আজমল হোসেন (২০)।

বিজিবির প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, একটি অসাধু চক্র বৈধ কাস্টমস কাগজপত্র নকল করে একই কাগজ ব্যবহার করে অবৈধ মালামাল পরিবহন ও সরকারের বিপুল রাজস্ব ফাঁকি দেওয়ার অপচেষ্টা চালিয়ে আসছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় নজরদারি ও যাচাই কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তি, জব্দকৃত জিরা ও ট্রাকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে মাধবপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



banner close
banner close