গাজীপুরের টঙ্গীতে সংবাদ সংগ্রহের সময় বাংলা এডিশনের গাজীপুর প্রতিনিধি মাহবুবুর রহমানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা। সোমবার সকালে টঙ্গীর কলেজ গেট এলাকায় জাতীয় গণমাধ্যম কমিশন ও স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলে, সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনা গণমাধ্যমের স্বাধীনতার জন্য গুরুতর হুমকি। তারা অভিযোগ করে, সংবাদ সংগ্রহে বাধা দিয়ে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে স্বাধীন সাংবাদিকতা দমনের অপচেষ্টা চালানো হচ্ছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানায় তারা।
সাংবাদিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলে, হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তাদের ভাষ্য, স্বাধীন সাংবাদিকতার পরিবেশ রক্ষায় প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ এখন সময়ের দাবি।
এর আগে রোববার গাজীপুরের কালিয়াকৈরে সংবাদ সংগ্রহকালে মাহবুবুর রহমানের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুরুর ভাগ্নে রিফাতের নেতৃত্বে একদল ব্যক্তি ওই হামলা চালায়।
সাংবাদিক মাহবুবুর রহমানের দাবি, প্রতিমন্ত্রীর ভগ্নিপতি মান্নান দেওয়ানের সম্পদের উৎস নিয়ে তথ্য সংগ্রহ ও বক্তব্য নেওয়ার সময় তার ওপর হামলা করা হয়। এ সময় তাকে কয়েক ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয় এবং নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়া হয় তার থেকে।
স্থানীয় সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা করেছেন মাহবুবুর রহমান।
এর আগে বাংলা এডিশনের এক প্রতিবেদন থেকে জানা যায়, প্রতিমন্ত্রীর ভগ্নিপতি মান্নান দেওয়ান বর্তমানে গাজীপুরে একটি সাততলা ভবন নির্মাণ করছেন। যদিও তার দৃশ্যমান কোনো বড় ব্যবসা বা আয়ের উৎস নেই বলে স্থানীয়দের অভিযোগ। তবে মান্নান দেওয়ান দাবি করেছেন, জমি ও গাড়ি বিক্রির অর্থ দিয়ে তিনি বাড়ি নির্মাণ করছেন।
এদিকে মান্নান দেওয়ানের স্বজনদের কয়েকজনের বক্তব্যে তার আর্থিক উত্থান নিয়ে নানা প্রশ্ন উঠে এসেছে। তারা দাবি করেন, প্রতিমন্ত্রী হওয়ার পর থেকেই মান্নান দেওয়ানের প্রভাব ও সম্পদের বিস্তার ঘটেছে।
মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকরা বলে, নতুন বাংলাদেশে ক্ষমতার অপব্যবহার ও গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা দ্রুত বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানায়।
আরও পড়ুন:

.jpg)






