বিড়ি শিল্পে শুল্ক বৃদ্ধি না করা, কর্মদিবস বাড়ানোসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাব-এর সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। সোমবার সকাল ১১টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে সংগঠনের নেতারা আসন্ন বাজেটে বিড়ি শিল্পে কর বৃদ্ধি না করার দাবি জানান এবং নকল বিড়ি বন্ধসহ বিভিন্ন দাবি উপস্থাপন করেন।
মানববন্ধনে শ্রমিকরা বলেন, বিড়ি শিল্পে শুল্ক বাড়ানোর কোনো পরিকল্পনা থাকলে তা প্রত্যাহার করতে হবে। তারা সতর্ক করে বলেন, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে শুল্ক বৃদ্ধি করা হলে সারাদেশের প্রায় ১৮ লাখ বিড়ি শ্রমিক নিয়ে কঠোর আন্দোলনে যাওয়া হবে।
শ্রমিক নেতারা আরও দাবি করেন, দেশের তামাক বাজারের বড় অংশ নিম্নস্তরের সিগারেট দখল করে আছে, ফলে বিড়ি শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় নিম্নস্তরের সিগারেটের দাম বৃদ্ধি এবং নকল বিড়ি উৎপাদন ও বিক্রি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
বক্তারা অভিযোগ করেন, নকল বিড়ি বাজারে ছড়িয়ে পড়ায় সরকার রাজস্ব হারাচ্ছে এবং প্রকৃত বিড়ি উৎপাদনকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পাশাপাশি বিড়ি ফ্যাক্টরির লাইসেন্স থাকলেই ব্যান্ডরোল উত্তোলন বাধ্যতামূলক করার দাবিও জানান তারা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ফেডারেশনের সহ-সভাপতি নাজিম উদ্দিন। বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হারিক হোসেন কর্মসূচি সঞ্চালনা করেন। এছাড়া সহ-সভাপতি লুৎফর রহমান, আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুল গফুর, আবুল হাসনাত লাবলু, সাংগঠনিক সম্পাদক শামীম ইসলামসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।
আরও পড়ুন:








