খুলনার কয়রায় ঘরের ভেতরে ঢুকে এক ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাধা দিতে গেলে তার স্ত্রীও হামলায় আহত হয়েছেন। রোববার (১৭ মে) রাত ১টার দিকে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের মহেশ্বরীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ভবতোষ মৃধা (৪০) ওই গ্রামের যশো মৃধার ছেলে। তিনি গিলাবাড়ি বাজারে ওষুধের ব্যবসা করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে একদল দুর্বৃত্ত সিঁধ কেটে ভবতোষ মৃধার ঘরে প্রবেশ করে। বিষয়টি টের পেলে তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে এবং একপর্যায়ে শ্বাসনালি কেটে দেয় বলে অভিযোগ রয়েছে। এ সময় স্ত্রী বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে আহত করা হয়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ভবতোষ মৃধাকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত স্ত্রীকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
ঘটনার পর মহেশ্বরীপুর ও গিলাবাড়ি বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ী সমাজের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
কয়রা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম জানান, হত্যার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরও পড়ুন:








