মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকায় আত্মীয়ের বাসা থেকে শিশুসহ একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিন্ময় দাস, তার স্ত্রী ইশা দাস এবং তাদের আট মাস বয়সী সন্তান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের আমিরাবাদ এলাকায় প্রায় তিন বছর ধরে ভাড়া বাসায় বসবাস করছেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার ইতালি প্রবাসী যতীন বাড়ৈয়ের স্ত্রী মিষ্টি বাড়ৈ। রোববার বিকেলে চাচাতো ভাই পরিচয়ে স্ত্রী ও সন্তানকে নিয়ে তার বাসায় যান চিন্ময় দাস।
পরে গভীর রাতে ওই বাসা থেকে তিনজনের মরদেহ উদ্ধারের খবর পায় পুলিশ। খবর পেয়ে ভোরে ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে মরদেহগুলো উদ্ধার করে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, পাশের একটি কক্ষে একা অবস্থায় ছিলেন মিষ্টি বাড়ৈ। তার ফোন পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।
তিনি আরও জানান, ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, তা তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:








