রবিবার

১৭ মে, ২০২৬ ৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩

অপারেশন ম্যানগ্রোভ শিল্ডে সুন্দরবনে অস্ত্রসহ ২ ডাকাত আটক, ৪ জেলে উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৭ মে, ২০২৬ ২০:৪১

শেয়ার

অপারেশন ম্যানগ্রোভ শিল্ডে সুন্দরবনে অস্ত্রসহ ২ ডাকাত আটক, ৪ জেলে উদ্ধার
ছবি সংগৃহীত

সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর দুই সক্রিয় সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। একই সঙ্গে তাদের জিম্মিতে থাকা চার জেলেকেও উদ্ধার করা হয়েছে।

রবিবার (১৭ মে) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় সুন্দরবন এলাকায় সক্রিয় বনদস্যু বাহিনী নির্মূলে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” ও “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ষষ্ঠ দফায় পরিচালিত অভিযানে করিম শরীফ বাহিনীর দুই সদস্যকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, করিম শরীফ বাহিনীর সদস্যরা খুলনার দাকোপ থানার সুন্দরবনের ঢাংমারী খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। পরে রবিবার ভোর ৪টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলার একটি আভিযানিক দল সেখানে বিশেষ অভিযান চালায়।

অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি একনলা বন্দুক, দুটি দেশীয় একনলা বন্দুক এবং ২৪ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়। একই সময়ে ডাকাতদের জিম্মিতে থাকা চার জেলেকেও উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন বাগেরহাটের রামপাল উপজেলার মোঃ রবিউল শেখ (৩০) এবং মোরেলগঞ্জ উপজেলার রাজন শরীফ (২০)। কোস্ট গার্ড জানায়, রাজন শরীফ করিম শরীফ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতি, জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় একটি হত্যা মামলাও রয়েছে।

জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এছাড়া উদ্ধার হওয়া জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে ডাকাত ও তাদের সহযোগীদের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



banner close
banner close