রবিবার

১৭ মে, ২০২৬ ৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩

অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ মে, ২০২৬ ১২:১০

শেয়ার

অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
ছবি সংগৃহীত

ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক আতাউস সামাদ আতু নামের এক বাংলাদেশি নাগরিককে এক দিন পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার বিকেলে দিনাজপুরের হিলি সীমান্তে দুই বাহিনীর মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের পর তাকে বিজিবির কাছে ফেরত দেওয়া হয়।

ফেরত পাওয়া আতাউস সামাদ আতু জেলার পার্বতীপুর উপজেলার খলিলপুর সরদারপাড়া গ্রামের মৃত সাদিকুল ইসলামের ছেলে।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে হিলি সীমান্তের হাড়িপুকুর এলাকা দিয়ে ভারতে থাকা তার বোনের বাড়িতে বিয়ের দাওয়াতের কার্ড দিতে যান আতাউস। এ সময় অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে বিএসএফ সদস্যরা তাকে তার বোনের বাড়ি থেকে আটক করে।

পরে বিএসএফ বিষয়টি বিজিবিকে অবহিত করলে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ শুরু হয়। এরই ধারাবাহিকতায় শনিবার সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ আতাউসকে বিজিবির কাছে হস্তান্তর করে।

পরবর্তীতে বিজিবি সদস্যরা তাকে হাকিমপুর থানায় সোপর্দ করেন।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর আতাউসকে তার পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।



banner close
banner close