রবিবার

১৭ মে, ২০২৬ ৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি:

প্রকাশিত: ১৭ মে, ২০২৬ ১০:৫০

শেয়ার

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু
ছবি সংগৃহীত

হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল বাইপাস সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) রাত সাড়ে ৯টার দিকে ধুলিয়াখাল এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার সুলতান মাহমুদপুর গ্রামের আব্দুল কাইয়ুম (৫০) ও তাঁর ছেলে জাকির মিয়া (২১)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে বাবা-ছেলে নিজ গন্তব্যে যাচ্ছিলেন। পথে ধুলিয়াখাল বাইপাস এলাকায় পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকের পেছনে তাদের মোটরসাইকেল সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ট্রাক জব্দ করে।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



banner close
banner close