এ ঘটনায় মামলা দায়েরের পর বাদীপক্ষকে ভয়ভীতি দেখাতে ‘মব’ সৃষ্টি এবং সাংবাদিকদের বাড়িতে হামলার অভিযোগও পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার খোলামোড়া শাহজালাল রোড এলাকায়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে গনি ও হৃদয় নামে কয়েকজন ওই এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রি করে আসছিল।
গত সোমবার দুপুরে দোকানদার পারভেজ তাদের বাধা দিলে ক্ষিপ্ত হয়ে রড ও হাতুড়ি নিয়ে তার ওপর হামলা চালানো হয়। এতে গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয়রা উদ্ধার করে পারভেজকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
পরিবারের দাবি, এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়েছে।
এদিকে, ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সেখানে অভিযুক্তদের প্রকাশ্যে হুমকি দিতেও দেখা গেছে বলে অভিযোগ স্থানীয়দের।
ঘটনার পর থানায় মামলা দায়ের করা হলে বাদীপক্ষকে মামলা তুলে নিতে চাপ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
শুক্রবার দুপুরে আসামিপক্ষের আত্মীয়-স্বজনরা ২৫ থেকে ৩০ জনকে নিয়ে সাংবাদিক সজীব আহমেদ রিওন ও আরিফ সম্রাটের বাসায় গিয়ে হট্টগোল ও হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
কেরানীগঞ্জ মডেল থানার তদন্ত কর্মকর্তা এসআই সাফায়েত আহমেদ দেলোয়ার জানান,
মাদক মামলার আসামিরা বর্তমানে পলাতক রয়েছে। শুক্রবার বাদীপক্ষের বাড়িতে গিয়ে আসামিপক্ষের লোকজন মামলা তুলে নিতে হুমকি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয়।
তিনি আরও জানান, ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ।
অন্যদিকে কেরানীগঞ্জ মডেল থানার ওসি রুহুল কুদুস বলেন,
আগের মাদক মামলার পাশাপাশি শুক্রবারের ঘটনায় নতুন করে সাধারণ ডায়েরি করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়দের দাবি, দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে এলাকায় মাদক ব্যবসা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে।
আরও পড়ুন:








