শনিবার

২৯ আগস্ট, ২০২৬ ১৪ ভাদ্র, ১৪৩৩

ইয়াবার সাম্রাজ্য ভাঙল অভিযানে, বাঁশখালীতে ‘মাদক সম্রাট’ হেফাজের এক বছর কারাদণ্ড

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ১৬ মে, ২০২৬ ১৮:১০

শেয়ার

ইয়াবার সাম্রাজ্য ভাঙল অভিযানে, বাঁশখালীতে ‘মাদক সম্রাট’ হেফাজের এক বছর কারাদণ্ড
ছবি সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইয়াবাসহ মো. হেফাজ (৩০) নামের এক যুবককে আটক করে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। স্থানীয়ভাবে তিনি ‘মাদক সম্রাট’ হিসেবে পরিচিত বলে জানিয়েছে প্রশাসন।

শনিবার (১৬ মে) সকালে উপজেলার ছনুয়া ইউনিয়নের খুদুকখালী এলাকা থেকে থানা পুলিশের সহযোগিতায় তাঁকে আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন। একই সঙ্গে তাঁকে এক হাজার টাকা অর্থদণ্ডও করা হয়।

দণ্ডপ্রাপ্ত হেফাজ উপজেলার ছনুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খুদুকখালী মান্নানপাড়া এলাকার মৃত আব্দুল মালেক বলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ছনুয়া ও শেখেরখীল এলাকায় প্রকাশ্যে ইয়াবাসহ বিভিন্ন মাদক বিক্রির অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন, 'হেফাজের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক বিক্রির একাধিক অভিযোগ ছিল। এসব অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।'

তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। বাঁশখালীকে মাদকমুক্ত করতে সকলের সহযোগীতা কামনা করেন তিনি।