শুক্রবার

১৫ মে, ২০২৬ ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩

রাসায়নিক ব্যবহার করে নকল কোমল পানীয় উৎপাদন, কলাপাড়ায় কারখানা মালিকের কারাদণ্ড

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৫ মে, ২০২৬ ২০:৫৬

শেয়ার

রাসায়নিক ব্যবহার করে নকল কোমল পানীয় উৎপাদন, কলাপাড়ায় কারখানা মালিকের কারাদণ্ড
ছবি সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় অবৈধভাবে রাসায়নিক ব্যবহার করে নকল কোমল পানীয় উৎপাদনের অভিযোগে এক কারখানা মালিককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অভিযানে প্রায় সাড়ে তিন হাজার বোতল ভেজাল পানীয় জব্দ করে ধ্বংস করা হয় এবং কারখানাটি সিলগালা করা হয়েছে।

শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের কাজী নজরুল ইসলাম সড়কে অবস্থিত একটি ভবনে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে কোমল পানীয় উৎপাদনের বিভিন্ন কাঁচামাল, রাসায়নিক উপাদান, বোতলজাত সরঞ্জাম ও প্রস্তুত পণ্য জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে কারখানার মালিক মাসুদ শিকদারকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা প্রদান করেন। এছাড়া জব্দ করা ভেজাল ভর্তি প্রায় সাড়ে তিন হাজার বোতল ধ্বংস করা হয় এবং কারখানাটি অবৈধ ঘোষণা করে সিলগালা করা হয়।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাউছার জানান, অনুমোদনহীন রাসায়নিক ব্যবহার করে উৎপাদিত এসব পানীয় শিশুদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এতে কিডনি, লিভারসহ শরীরের বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি আরও জানান, অভিযানে কোনো ধরনের লাইসেন্স বা সরকারি অনুমোদন ছাড়াই সম্পূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশে ম্যানুয়াল পদ্ধতিতে পানীয় উৎপাদনের সত্যতা পাওয়া গেছে। উৎপাদনে ব্যবহৃত প্রিজারভেটিভ ও অন্যান্য রাসায়নিক উপাদানও ছিল অনুমোদনহীন।



banner close
banner close