শনিবার

২৯ আগস্ট, ২০২৬ ১৪ ভাদ্র, ১৪৩৩

শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিকস জব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ মে, ২০২৬ ১৮:২৭

শেয়ার

শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিকস জব্দ
ছবি সংগৃহীত

শেরপুর ও ময়মনসিংহ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস সামগ্রী এবং একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। বৃহস্পতিবার ও শুক্রবার রাতভর পরিচালিত এ অভিযানে উদ্ধার হওয়া মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ লাখ ৪৬ হাজার ৩৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল জানতে পারে সীমান্ত দিয়ে ভারতীয় পণ্য পাচারের চেষ্টা চলছে। এ তথ্যের ভিত্তিতে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কাটাবাড়ী এলাকা এবং শেরপুরের শ্রীবরদী উপজেলার মেঝপাড়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা মালামাল ফেলে পালিয়ে যায় বলে জানিয়েছে বাহিনীটি। পরে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ভারতীয় জনসন বেবি পাউডার, স্কিনশাইন ক্রিম, বিভিন্ন ব্র্যান্ডের বডি স্প্রে এবং চোরাচালানে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ি জব্দ করা হয়।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। মাদক, অবৈধ পণ্য পাচার ও অনুপ্রবেশ রোধে বাহিনীর অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।