শুক্রবার

১৫ মে, ২০২৬ ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩

ফতুল্লায় পারিবারিক কলহের জেরে ছোট ভাইকে কুপিয়ে হত্যা, বড় ভাই পলাতক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ মে, ২০২৬ ১৬:৩১

শেয়ার

ফতুল্লায় পারিবারিক কলহের জেরে ছোট ভাইকে কুপিয়ে হত্যা, বড় ভাই পলাতক
ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জের ধরে ছোট ভাইকে বটি দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (১৫ মে) সকাল ছয়টার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকার ফাজিল পাড়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

​নিহত মোঃ মোহন ( ৩২) ফতুল্লার ধর্মগঞ্জ চতলার মাঠ সোনার বাংলা রোডের ফাজিল পাড়ার মোঃ বাবুল মিয়ার ছেলে। ঘটনার পর থেকেই অভিযুক্ত বড় ভাই উজ্জ্বল (৩৪) পলাতক রয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, অভিযুক্ত উজ্জ্বল চরম মাদকাসক্ত ছিলেন।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নানা বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে পারিবারিক কলহ চলছিল। প্রায়ই তাদের মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়া-বিবাদ হতো। উজ্জ্বল প্রায় সময় মাদকাসক্ত অবস্থায় বাসায় এসে সামান্য বিষয় নিয়েও পরিবারের সদস্যদের সাথে বিবাদে জড়াতেন। এর আগে গত বুধবার কোনো একটি ঘটনাকে কেন্দ্র করে নিহত মোহন ও তার বাবা অভিযুক্ত উজ্জ্বলকে মারধরও করেছিলেন বলে জানা গেছে।

​আজ শুক্রবার সকালে আবারও কোনো একটি বিষয় নিয়ে মোহন ও উজ্জ্বলের মধ্যে তীব্র কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উজ্জ্বল চরম ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা একটি ধারালো বটি দিয়ে ছোট ভাই মোহনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। মোহনের চিৎকারে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে অভিযুক্ত উজ্জ্বল রক্তমাখা বটি ফেলে রেখে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

​পরে স্বজনরা রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় মোহনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

​হত্যাকাণ্ডের খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘর থেকে রক্তমাখা বটিটি উদ্ধার করে। এই নৃশংস হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় চরম চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।

​এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর আলম জানান, প্রাথমিকভাবে আমাদের ধারণা, দীর্ঘদিনের পারিবারিক কলহ এবং মাদকাসক্তির জের ধরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল থেকে রক্তমাখা বটি উদ্ধার করেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে বিস্তারিত তদন্ত চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং অভিযুক্ত বড় ভাই উজ্জ্বলকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



banner close
banner close