বৃহস্পতিবার

১৪ মে, ২০২৬ ৩১ বৈশাখ, ১৪৩৩

বাঁশখালীতে ঐতিহ্যবাহী নাপিতা পুকুর ভরাটের অভিযোগে অভিযান, এক্সক্যাভেটর জব্দ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

প্রকাশিত: ১৪ মে, ২০২৬ ২১:৪৫

শেয়ার

বাঁশখালীতে ঐতিহ্যবাহী নাপিতা পুকুর ভরাটের অভিযোগে অভিযান, এক্সক্যাভেটর জব্দ
ছবি বাংলা এডিশন

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের লস্করপাড়ায় অবস্থিত কালাপুকুরের মাটি কেটে একই ওয়ার্ডের মনকিপাড়ায় ঐতিহ্যবাহী নাপিতা পুকুর ভরাটের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) দিনভর পরিচালিত এ অভিযানে সরেজমিন পরিদর্শনে অভিযোগের সত্যতা পাওয়া যায় বলে জানিয়েছে প্রশাসন। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সক্যাভেটর জব্দ করা হয়।

জব্দকৃত এক্সক্যাভেটর বাঁশখালী পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে বলে জানা গেছে।

বাঁশখালী থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন, 'প্রাকৃতিক জলাশয়, ঐতিহ্যবাহী পুকুর ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে মাটি কাটা ও ভরাটের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান থাকবে। আইন অমান্য করে কেউ জলাশয় ধ্বংসের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঐতিহ্যবাহী জলাশয় সংরক্ষণ ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



banner close
banner close