লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) ভোরে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম খাদেমুল ইসলাম। তিনি হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের উত্তর আমঝোল গ্রামের আমজাদ হোসেনের পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে খাদেমুল ইসলামসহ কয়েকজন ব্যক্তি বনচৌকি বর্ডার অবজার্ভেশন পোস্টের (বিওপি) আওতাধীন সীমান্তের ৯০৫/৬-এস নম্বর পিলারসংলগ্ন এলাকায় যান। এ সময় ভারতের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের একটি টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি খাদেমুলের মুখ, বুক ও মাথায় লাগে।
গুলিবিদ্ধ খাদেমুলকে তাঁর সঙ্গীরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি মারা যান।
এ বিষয়ে ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে, তবে ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তিনি আরও জানান, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, এর মাত্র ছয় দিন আগে গত ৮ মে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে দুজন বাংলাদেশি নিহত হন। স্বল্প সময়ের ব্যবধানে সীমান্তে পর পর এই হতাহতের ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে। ঘটনার আরও বিস্তারিত তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
আরও পড়ুন:








