মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি এবং লাইসেন্সবিহীন কার্যক্রম পরিচালনার অভিযোগে পিরোজপুরের বিভিন্ন উপজেলার ৯টি ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৩ মে) দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরিচালিত অভিযানে মোট ২৯ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ জয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার জিয়ানগর উপজেলার পাড়েরহাট, নাজিরপুর উপজেলার হাসপাতাল রোড ও শ্রীরামকাঠী, কাউখালী উপজেলা, পিরোজপুর সদর এবং মঠবাড়িয়া উপজেলায় একযোগে পাঁচটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে বিভিন্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি, লাইসেন্স সংক্রান্ত অনিয়মসহ নানা অভিযোগে মোট ৯ জনকে অভিযুক্ত করা হয়। পরে সংশ্লিষ্ট আইনে ৯টি মামলায় মোট ২৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এর মধ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় দুটি, ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(খ) ধারায় একটি, ৪০(গ) ধারায় একটি এবং ৪০(ঘ) ধারায় দুটি মামলা দায়ের করা হয়। এছাড়া মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০ অনুযায়ী আরও তিনটি মামলা করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ ঔষধ বিক্রয় নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরও পড়ুন:





.jpg)


