রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটকদের সুবিধা সরকার বদ্ধ পরিকর। দেশের সম্ভাবনাময় সকল পর্যটন এলাকায় যোগাযোগ ব্যবস্থা নিরাপদ ও নিরবচ্ছিন্ন করা হবে। যোগাযোগ ব্যবস্থা যত ভাল, এলাকার আর্থ সামাজিক উন্নয়ন ততো দ্রুত হয়। এ লক্ষে সরকার রেলপথ সম্প্রসারণে কাজ শুরু করেছে।
বুধবার দুপুরে নেত্রকোনার পূর্বধলায় জারিয়া ঝাঞ্জাইল রেলওয়ে স্টেশন থেকে দুর্গাপুর পর্যন্ত ১২কিলোমিটার রেললাইন সম্প্রসারণ এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, রেলের সর্বোচ্চ কর্মকর্তারাসহ নিজে দেখে যাচ্ছি। এই রেলপথ করায় জমি অধিগ্রহণ করাসহ যেসব সমস্যা রয়েছে তা সমাধান করে আন্তঃনগর ট্রেনসহ এই রেলপথ করতে সব ব্যবস্থা করা হবে।
এসময় জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি, রেল সচিব মোঃ ফাহিমুল ইসলাম ও রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে জারিয়া ঝাঞ্জাইল থেকে দুর্গাপুর উপজেলা পর্যন্ত রেললাইন সম্প্রসারণের সম্ভাব্যতা ও প্রয়োজনীয়তা নিয়ে সরেজমিনে বিভিন্ন দিক পর্যবেক্ষণ করা হয়।
এ সময় ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং এলাকার অর্থনৈতিক কার্যক্রমে গতি আসবে।
রেললাইন সম্প্রসারণের লক্ষ্যে দুর্গাপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত স্থানীয় সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন। সভায় দ্রুত রেললাইন সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়ে জনপ্রতিনিধি, সুধীজনেরা বলেন, এতে অঞ্চলের শিক্ষা, ব্যবসা-বাণিজ্য এবং পর্যটন খাতে ইতিবাচক পরিবর্তন আসবে।
আরও পড়ুন:


.jpg)





