বুধবার

১৩ মে, ২০২৬ ৩০ বৈশাখ, ১৪৩৩

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ, দগ্ধ ১২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ মে, ২০২৬ ১৫:৫৯

শেয়ার

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ, দগ্ধ ১২

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জেরা মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় ১২ জন দগ্ধ হয়েছেন। বুধবার (১৩ মে) দুপুরে এ ঘটনা ঘটে। দগ্ধদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন—নাজমুল শেখ (৪০), সাইফুল ইসলাম (৩০), রামিজুল (৪৫), আমির (২৫), শংকর (২৫), কাউসার (৩০), তুহিন শেখ (৩০), মনির হোসেন (৪৫), আলআমিন (৪০), ওসমান গনি (৩০), সুপ্রভাত ঘোষ (৪২) ও বদরুল হায়দার (৫০)।

সহকর্মীরা জানান, দুপুরে বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা নিজস্ব ক্যান্টিনের বুফেতে খাবার খাচ্ছিলেন। এ সময় হঠাৎ ক্যান্টিনের ভেতরে বিস্ফোরণ ঘটে। এতে সেখানে থাকা অন্তত ১২ জনের হাত, মুখ ও পা দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

বিদ্যুৎকেন্দ্রের সেফটি কর্মকর্তা ফখরুল ইসলাম বলেন, দগ্ধদের মধ্যে আমির, শংকর, কাউসার ও আলআমিন ক্যান্টিন বয় হিসেবে কাজ করেন। অন্যরা বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নার পর অসাবধানতাবশত গ্যাসের চুলা চালু ছিল। পরে কেউ আগুন ধরালে বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দুপুরে ১২ জন দগ্ধ রোগী হাসপাতালে এসেছেন। তাদের শরীরের কত শতাংশ পুড়েছে তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। পরে বিস্তারিত তথ্য জানানো হবে।



banner close
banner close