শনিবার

২৯ আগস্ট, ২০২৬ ১৪ ভাদ্র, ১৪৩৩

লালপুরে শিক্ষিকার ছোড়া ডাস্টারে আহত দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী, রাজশাহী মেডিকেলে অপারেশন

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: ১৩ মে, ২০২৬ ১২:৪৯

শেয়ার

লালপুরে শিক্ষিকার ছোড়া ডাস্টারে আহত দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী, রাজশাহী মেডিকেলে অপারেশন
ছবি: সংগৃহীত

লালপুর উপজেলার ওয়ালিয়া শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ডাস্টার ছুড়ে মারার অভিযোগ উঠেছে এক শিক্ষিকার বিরুদ্ধে। এতে গুরুতর আহত হয়ে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে শিশুটি।

আহত শিক্ষার্থীর নাম মোঃ তাওহীদ। সে উপজেলার ওয়ালিয়া গ্রামের সোহানুর রহমানের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়ের শিক্ষিকা হাফিজা খাতুন শ্রেণিকক্ষে পাঠদানের সময় তাওহীদের দিকে ডাস্টার ছুড়ে মারেন। এতে ডাস্টারটি শিশুটির চোয়ালে স্বজোরে আঘাত করলে তার জিহ্বা কেটে গভীর ক্ষতের সৃষ্টি হয়।

পরিবারের সদস্যরা জানান, আহত অবস্থায় প্রথমে তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ধুপইল সার্জিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে সেখানে তার অপারেশন চলছে।

এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এঘটনায় অভিযুক্ত শিক্ষিকার বক্তব্য নেয়া সম্ভব হয় নি।