চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে মো. হাছান নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্তরা পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাছান ওই এলাকার বাসিন্দা মো. বশরের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, একই এলাকার দুই ভাই মো. বশর ও নাছির উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সন্ধ্যায় এ বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা–কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় নাছির উদ্দিনের ছেলে রাকিব লাঠি দিয়ে হাছানের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। সংঘর্ষে হাছানের বাবা বশরও আহত হন।
পরে গুরুতর অবস্থায় হাছানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত দুইটার দিকে তাঁর মৃত্যু হয়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, 'মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।' তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
আরও পড়ুন:








