শনিবার

১৬ মে, ২০২৬ ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩

বাঁশখালীতে পাহাড় কাটা সিন্ডিকেটে ধাক্কা: গভীর রাতে অভিযানে ট্রাক জব্দ

বাঁশখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৩ মে, ২০২৬ ১১:০৪

শেয়ার

বাঁশখালীতে পাহাড় কাটা সিন্ডিকেটে ধাক্কা: গভীর রাতে অভিযানে ট্রাক জব্দ
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জঙ্গল পাইরাং এলাকায় পাহাড় কাটার অভিযোগে গভীর রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বুধবার রাত আড়াইটা পর্যন্ত চলা এ অভিযানে পাহাড়ি মাটিভর্তি একটি মিনি ড্যাম্পার ট্রাক জব্দ করা হয়। তবে অভিযানের উপস্থিতি টের পেয়ে ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন। এসময় বাঁশখালী থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।

অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জঙ্গল পাইরাং এলাকার পূর্ব পাশের পাহাড় থেকে অবৈধভাবে মাটি কেটে বিভিন্ন স্থানে পরিবহন করা হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে প্রশাসন অভিযান চালালে দেলা মার্কেট সংলগ্ন বড় পুকুরপাড় এলাকা থেকে পাহাড়ি মাটিভর্তি একটি মিনি ড্যাম্পার ট্রাক জব্দ করা হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে চালক গাড়িটি লক করে পালিয়ে যায়।

পরবর্তীতে টেকনিশিয়ানের সহায়তায় ট্রাকটির লক খুলে সেটি থানায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে জব্দকৃত গাড়িটি বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হকের জিম্মায় রয়েছে।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন, 'পাহাড় কাটা দণ্ডনীয় অপরাধ। পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'

এদিকে, ভূমিদস্যুতা ও মাদকবিরোধী অভিযানে সহকারী কমিশনার (ভূমি)-এর ধারাবাহিক কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাদের মতে, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে এলাকায় অপরাধ প্রবণতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।



banner close
banner close