দেশের নিজস্ব জ্বালানি সম্পদ ব্যবহার করে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, দেশীয় জ্বালানি সম্পদ থাকা সত্ত্বেও বিদেশ থেকে জ্বালানি আমদানির ওপর নির্ভরশীল হওয়া উচিত নয়।
মঙ্গলবার দুপুরে দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনি পরিদর্শন শেষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে পূর্ববর্তী সরকার দেশ শাসন করেছে এবং তারা দেশীয় সম্পদকে উপেক্ষা করে আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থা গড়ে তুলেছিল। বর্তমান সরকার জনগণের সরকার উল্লেখ করে তিনি বলেন, জনগণের সম্পদ আহরণ ও ব্যবহার করেই দেশের উন্নয়ন এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।
তিনি আরও বলেন, দেশের উন্নয়নের জন্য জ্বালানি খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণে কীভাবে দেশীয় জ্বালানি সম্পদ আহরণ করে তা জাতীয় উন্নয়নে ব্যবহার করা যায়, সে বিষয়ে সরকার কাজ করছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
বড়পুকুরিয়া কয়লা খনি পরিদর্শনে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, হুইপ আক্তারুজ্জামান মিয়া, দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলম এবং দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম।
মতবিনিময় সভা শেষে আশপাশের গ্রাম থেকে আসা স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন মন্ত্রী। এ সময় খনির কারণে ক্ষতিগ্রস্তদের দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন তিনি। পাশাপাশি বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালককে দুই দিনের মধ্যে ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী।
আরও পড়ুন:








